Logo Logo

প্রবাসীদের ভোটে কারচুপির কোন সুযোগ নেই : ইসি সানাউল্লাহ


Splash Image

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কারচুপির কোনো ধরনের সুযোগ রাখা হয়নি। স্বচ্ছতা নিশ্চিতে ভোট প্রদানের ক্ষেত্রে ‘লাইভ ভেরিফিকেশন’ বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালট পেপারের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য নির্ধারিত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা এবং সঠিকভাবে ভোট গণনার ক্ষেত্রে তুলনামূলক বেশি সময়ের প্রয়োজন হতে পারে। ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশনা দিয়ে তিনি জানান, কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করতে পারবেন; অন্য সকল কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জন্য পেন্সিল ব্যবহারের বিধান করা হয়েছে।

নির্বাচনী মাঠে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি ও লেনদেন নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রতিটি নির্বাচনী আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে কোনো প্রকার আর্থিক অনিয়ম বা ভোট কেনাবেচা ঠেকাতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। এ লক্ষ্যে আমরা একাধিক বৈঠক করেছি এবং নির্বাচনী অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হবে।"

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে সানাউল্লাহ বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কেউই কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ করতে পারবেন না। সততা ও নিরপেক্ষতার প্রশ্নে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে। এখানে বড় বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই; সকল প্রার্থী কমিশনের চোখে সমান। পক্ষপাতমূলক আচরণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী গুজব ও অপতথ্য প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তিনি স্পষ্ট করেন যে, যেখানেই অনিয়ম দেখা দেবে, সেখানে কোনো প্রকার নমনীয়তা না দেখিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...