Logo Logo

নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াতের আমির


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের বিষয়ে তার দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, “আমাদের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের প্রকৃত নীতিমালা এবং মূল্যবোধ সম্পর্কে জনমনে স্পষ্ট ধারণা দিতেই আমি এই বার্তাটি শেয়ার করছি।”

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা এবং জনসেবায় নারীরা সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক। আমরা মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র এবং শিশু যত্ন সহায়তার (ডে-কেয়ার) মতো বিষয়গুলোতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব এবং গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে জামায়াত সমর্থন করে। এটি কোনো নতুন অবস্থান বা অনলাইন চাপের মুখে দেওয়া প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ও এই বিষয়গুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

দলীয় প্রধান ঘোষণা করেন যে, আগামী ৩ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করবেন, যেখানে নারীদের জন্য নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ ও শক্তিশালী আইনি সুরক্ষার বিষয়টি বিস্তারিত ও পরিমাপযোগ্য আকারে তুলে ধরা হবে। তিনি আহ্বান জানান যেন তাকে তার নীতি ও ইশতেহার দিয়ে বিচার করা হয়, কারো তৈরি করা মিথ্যা বর্ণনা দিয়ে নয়।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট দেখা দিলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে দলের পক্ষ থেকে জানানো হয় যে, আমিরের এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছে।

এই ঘটনায় শনিবার দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...