Logo Logo

মহিপুরে কৃষিবিদ শহিদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


Splash Image

পটুয়াখালীর মহিপুরে কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) সকালে মহিপুর থানাধীন এলাকায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় বক্তারা একজন মেধাবী ও সৎ কৃষিবিদকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান।

কর্মসূচিতে মো. ফয়সাল গাজী বলেন, "একজন নিরীহ ও সৎ মানুষকে এভাবে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সমাজে অপরাধীদের দাপট আরও বাড়বে।"

অপর বক্তা মো. জাহিদুল ইসলাম রাজিব বলেন, "প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আমরা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।"

ছেলের শোকে কাতর পিতা মো. মতিউর রহমান কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার ছেলেটা খুবই সৎ ও পরিশ্রমী ছিল। সে কখনো কারও ক্ষতি করেনি। আজ তাকে যেভাবে কেড়ে নেওয়া হলো, তা আমি সইতে পারছি না। একজন বাবা হিসেবে আমি শুধু প্রশাসনের কাছে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।"

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহিপুর মৎস্য বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...