Logo Logo

মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : জামায়াত আমির


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নামে মানুষ খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। যারা রাজনীতির জন্য মানুষ হত্যা করে, আমরা সেই রাজনীতিকে ঘৃণা করি। একটি নির্দিষ্ট দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ক্ষমতার এমন নোংরা রাজনীতি আমরা চাই না।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, যেখানে তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে হানাহানি হবে না এবং মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে।”

বক্তব্যের শুরুতে তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দিবালোকে একজন বিশিষ্ট শিক্ষককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা তো নিজের দলেরও দুই শতাধিক মানুষকে বিদায় করে দিয়েছে। যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে খুন করে, তা কখনোই সুস্থ রাজনীতি হতে পারে না।”

তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা গত ৫ আগস্ট দেশে একটি নতুন সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহর কসম, বাংলাদেশে আসমানের নিচে সবচেয়ে নির্যাতিত দলটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্পূর্ণ মিথ্যা মামলায় আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা আর এই প্রতিহিংসার রাজনীতি চাই না।”

জামায়াত আমির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, কেবল ক্ষমতার লড়াইয়ের জন্য নয়। ক্ষমতার মোহে নিজের দলের লোকদেরই হত্যা করা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রিয়াদ হোসাইন, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...