Logo Logo

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে বিএনপি’র প্রার্থী জিলানী

আ. লীগের দুঃসময়ে এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াবো বলে বিএনপি করছি


Splash Image

গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আওয়ামী লীগের দুঃসময়ে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তিনি বিএনপির রাজনীতি করছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলে এ অঞ্চলের সাধারণ মানুষ উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকবে—এমনটা হতে দেওয়া যায় না।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী তাঁর বক্তব্যে বলেন, “আমি জানতাম আওয়ামী লীগের যদি কখনো দুঃসময় নেমে আসে, তবে এ অঞ্চলের সাধারণ মানুষও তা থেকে রেহাই পাবে না। সেই চিন্তা থেকেই আমি অন্য একটি বড় দল (বিএনপি) করছি। এই দলটি যদি রাষ্ট্রক্ষমতায় থাকে, তবে আমি আমার অবস্থান থেকে এ অঞ্চলের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারব এবং তাদের সহযোগিতা করতে পারব।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলে কি আমাদের অঞ্চলের বেকার যুবসমাজের কর্মসংস্থান হবে না? আমাদের এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ ও মন্দির কি সব মুখ থুবড়ে পড়বে? এটি হতে পারে না। জনগণের কল্যাণে আরেকটি রাজনৈতিক দল করা আমার কোনো অপরাধ হতে পারে না।”

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জিলানী বলেন, “আজকে আমরা এখানে ৮ জন প্রার্থী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করছি। বিগত দিনে এমন পরিবেশ ছিল না। একক ও একচেটিয়া একটি রাজনৈতিক দলের আধিপত্যের কারণে অন্য কোনো প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, তবে কথা দিচ্ছি—টুঙ্গিপাড়াকে একটি মানবিক, বৈষম্যহীন, মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক জনপদ হিসেবে গড়ে তুলব। আপনাদের সাথে আলোচনা করেই টুঙ্গিপাড়ার সমস্যাগুলো সংসদে তুলে ধরব।”

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার ও যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...