Logo Logo

বাকেরগঞ্জে গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারের কাছে পৌছায়নি গণভোটের বার্তা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হলেও বরিশালের বাকেরগঞ্জের তৃণমূল ভোটারদের একটি বিশাল অংশ এই প্রক্রিয়া সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ, গণভোটের প্রকৃত উদ্দেশ্য বা ‘হ্যাঁ-না’ ভোটের প্রভাব সম্পর্কে তাদের কাছে কোনো স্পষ্ট বার্তা পৌঁছায়নি।


বিজ্ঞাপন


সরেজমিনে বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রাম ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা সংসদ সদস্য নির্বাচনের বিষয়ে অবগত থাকলেও গণভোটের বিষয়টি তাদের কাছে অনেকটাই অজানা। বিশেষ করে নারী ভোটার ও বয়োজ্যেষ্ঠদের মধ্যে গণভোট নিয়ে ধারণার অভাব স্পষ্ট। ব্যালট পেপারে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য আলাদা একটি ব্যালট থাকবে এবং সেখানে ‘হ্যাঁ’ ও ‘না’ এই দুটি অপশনের কাজ কী, সে সম্পর্কে তারা কিছুই জানেন না।

যদিও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালানো হচ্ছে, তবে এই প্রচার শহরকেন্দ্রিক হওয়ায় গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের কাছে তা কার্যকর কোনো প্রভাব ফেলতে পারেনি। সরকারিভাবে প্রচারণার দাবি করা হলেও সাধারণ মানুষের মতে, গণভোটের উপকারিতা বা অপকারিতা নিয়ে তৃণমূল পর্যায়ে কোনো উঠান বৈঠক বা প্রত্যক্ষ প্রচার লক্ষ্য করা যায়নি।

উল্লেখ্য যে, এবারের গণভোটে অন্তর্বর্তীকালীন সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ তাদের সমমনা রাজনৈতিক জোটগুলোও এই ‘হ্যাঁ’ ভোটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রচারণা চালাচ্ছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, প্রচারণার এই ঘাটতির কারণে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। তাদের মতে, সঠিক বার্তা তৃণমূল ভোটারদের কাছে না পৌঁছালে ভোটের দিন গণভোটের ব্যালট পেপারে মতামত প্রদান থেকে অনেকেই বিরত থাকতে পারেন, যা পুরো প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। তাই নির্বাচনের আগে বাকি দিনগুলোতে ভোটারদের মধ্যে গণভোটের প্রয়োজনীয়তা ও নিয়মাবলি নিয়ে জোরালো জনসচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...