বিজ্ঞাপন
সম্মেলনে উপস্থিত মতুয়া নেতারা বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে মতুয়া সম্প্রদায়ের মানুষ নিরাপদ ও ভালো থাকবেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সাতপাড় স্কুল মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বিকেল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী ঢাক-ঢোল, কাসর ও শঙ্খ বাজিয়ে উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে সমবেত হন।
হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর।
সম্মেলনে বক্তারা বিগত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, "বিগত দিনে এই অঞ্চলের ভোটাররা স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোটের অধিকার হরণ করা হয়েছিল।" তারা উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. কে এম বাবরকে বিজয়ী করবেন।"
মহাসম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতুয়াচার্য সম্পদ ঠাকুর এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মতুয়া সম্প্রদায়ের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশ্বাস করেন, রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপির বিজয় নিশ্চিত হলে সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।
উক্ত মহাসম্মেলনে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও সাধারণ অনুসারীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...