বিজ্ঞাপন
নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি অভিযোগ করেন, সোমবার (ভোররাত) দুর্বৃত্তরা প্রথমে বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নির্বাচনী ক্যাম্পের পাশাপাশি পাশের একটি সাইকেলের দোকান এবং একটি কৃষি উপকরণের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপি নেতাদের দাবি, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই একটি নির্দিষ্ট মহল এই হামলা ও অগ্নিসংযোগ ঘটিয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি সাইকেলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...