Logo Logo

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই


Splash Image

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ওই আসনে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (০২ ফেব্রুয়ারি) এই রিটটি দায়ের করেছিলেন। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এর আগে নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

অন্যদিকে, ড. এম এ কাইয়ুমের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত রিটটি খারিজের সিদ্ধান্ত দেন।

আদালতের এই রায়ের মাধ্যমে ঢাকা-১১ আসনের নির্বাচনী লড়াইয়ে ড. এম এ কাইয়ুমের অবস্থান আরও সুসংহত হলো। তিনি বর্তমানে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আইনি বাধা কেটে যাওয়ায় এখন প্রচার-প্রচারণায় আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না বলে মনে করছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...