Logo Logo

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত


Splash Image

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটিতে কর্মরত আল-জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা।


বিজ্ঞাপন


৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর সংবাদটি তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সঠিক পরিস্থিতি বা এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত ছিল, সে সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য মেলেনি। লিবীয় কর্তৃপক্ষও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ায় গণঅভ্যুত্থানের সময় মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর সাইফ জিনতানে বিদ্রোহীদের হাতে ধরা পড়েন। দীর্ঘ এক দশক ধরে তিনি এই শহরটিকে নিজের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিলেন এবং ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাওয়ার পর থেকে সেখানেই আত্মগোপনে ছিলেন।

সাইফ আল-ইসলামের লিবিয়ায় সরকারি কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি তার বাবার শাসনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সাইফ লন্ডনের এলএসই থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং এক সময় গাদ্দাফি শাসনের ‘প্রগতিশীল মুখ’ হিসেবে পরিচিতি পান।

২০১১ সালের সংঘাতের সময় সাইফ ঘোষণা করেছিলেন যে তারা লিবিয়াতেই লড়বেন এবং মরবেন। তার শাসনামলে বিরোধীদের ওপর নির্যাতন ও সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং লিবিয়ার আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল।

দীর্ঘ আইনি জটিলতা ও সংঘাতের আবহে সাইফ আল-ইসলামের এই মৃত্যু লিবিয়ার অস্থিতিশীল রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...