Logo Logo

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান

যাদের নারীদের প্রতি সম্মান নেই, তাদের হাতে দেশ নিরাপদ নয়


Splash Image

জনগণের স্বাধীনতা, ভোটাধিকার এবং কথা বলার অধিকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই অপশক্তির কোনো নির্দিষ্ট আদর্শ নেই; এরা পরিস্থিতি অনুযায়ী রূপ পরিবর্তন করে এবং দেশের মা-বোনদের সম্মানহানি করতেও দ্বিধাবোধ করে না।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, তথাকথিত ‘সৎ লোকের শাসনের’ দোহাই দিয়ে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা সাধারণ মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, যাদের শুরুই হয় অনৈতিকতা দিয়ে, তারা কীভাবে সৎ শাসন প্রতিষ্ঠা করবে।

১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নিজের দেশের নারীদের প্রতি যাদের সম্মানবোধ নেই, তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।

ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে এবং বিএনপি সরকার গঠন করলে জনস্বার্থে ফরিদপুরকে প্রশাসনিক বিভাগ এবং ফরিদপুর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, কেবল জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই দেশের উন্নয়ন সম্ভব।

কৃষি ও শিল্পায়নের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ফরিদপুরের অন্যতম প্রধান সম্পদ পাটকে বিশ্ববাজারে পুনরুজ্জীবিত করা হবে। নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং দুস্থ পরিবারগুলোর সহায়তায় নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে। এছাড়া আঞ্চলিক বৈশিষ্ট্য অনুযায়ী কলকারখানা স্থাপন করে শিক্ষিত যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উন্নয়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অঞ্চলের কৃষির আমূল পরিবর্তনে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হবে। পাশাপাশি সারা দেশে ‘হেলথ কেয়ার’ সিস্টেম চালুর মাধ্যমে মা ও শিশুদের ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে তারেক রহমান হেলিকপ্টারযোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন এবং ২টা ৫৫ মিনিটে মঞ্চে ওঠেন। বিকেল ৩টা ২১ মিনিটে শুরু করে প্রায় ২৪ মিনিট বক্তব্য প্রদান শেষে বিকেল ৩টা ৫৭ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শামা ওবায়েদ, নায়াব ইউসুফ, শহীদুল ইসলাম এবং মিয়া মো. নুরুদ্দীন।

জনসভায় তারেক রহমান ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...