Logo Logo

নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে ভালো আছে : ইসি মাছউদ


Splash Image

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ছবি: ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র আট দিন বাকি থাকলেও দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ পর্যাপ্ত এবং তুলনামূলকভাবে ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইসি মাছউদ জানান, সারাদেশে ৩০০ জন বিচারকের সমন্বয়ে ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি সক্রিয় রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে এই কমিটির কাছে অভিযোগ দাখিল করা যাবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন কঠোর ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো প্রার্থীর দুর্ব্যবহার আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ঘটনা আলাদাভাবে ও পরিস্থিতিভেদে মূল্যায়ন করা হবে। ঢাকা-১৭ আসনে সেনাসদস্যদের সাথে এক প্রার্থীর কথিত দুর্ব্যবহারের বিষয়টি তদন্তসাপেক্ষ এবং অভিযোগ প্রমাণিত হলে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বস্ত করেন।

শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর পর ওই আসনের নির্বাচন প্রসঙ্গে ইসি মাছউদ জানান, ১২ ফেব্রুয়ারির আগে সেখানে ভোট গ্রহণের কোনো সুযোগ নেই। নতুন তফসিল ঘোষণা, আপিল ও স্ক্রুটিনির জন্য কমপক্ষে ১৫ দিন সময়ের প্রয়োজন হওয়ায় ওই আসনের নির্বাচনের তারিখ পরে জানানো হবে।

এর আগে সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

সভা শেষে ইসি মাছউদ জানান, নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে কমিশন বিস্তারিতভাবে অবহিত হয়েছে। তিনি একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে কমিশনের সিদ্ধান্ত মেনে সহযোগিতা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...