Logo Logo

৭ ফেব্রুয়ারি উত্তরের ৩ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান


Splash Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন। সফরসূচি অনুযায়ী তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় আয়োজিত পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, নিরাপত্তা ও আবহাওয়া বিবেচনায় নিয়ে এবার তারেক রহমান সড়ক পথের পরিবর্তে হেলিকপ্টার যোগে এই সফর করবেন।

সফরকালে তারেক রহমান ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে দলের মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এই তিন জেলার প্রার্থীদের পক্ষে জনমত গঠন ও দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়াই এই সফরের মূল লক্ষ্য।

ডা. জাহিদ হোসেন আরও জানান, ৭ ফেব্রুয়ারি সফরের দিন নির্ধারিত থাকলেও সভার নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। এটি সফরসূচি নির্ধারক ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করছে। ইতিমধ্যে দিনাজপুরে তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনি প্রচারণার পাশাপাশি এই সফরে তারেক রহমানের আবেগঘন একটি পারিবারিক কর্মসূচিও রয়েছে। ওই দিন তিনি দিনাজপুরে তাঁর প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে দলটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...