ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। মাঠ ছাড়ার সময় তার অবস্থা দেখে চোটের গুরুতরতা স্পষ্ট হয়ে ওঠে।
ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, “দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানো হবে।”
এদিকে বিভিন্ন ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়েছে, হামজা এমসিএল (MCL) ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এই ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে আশার কথা হলো—এই চোটে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ধারণা করা হচ্ছে।
হামজার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেবে তার ক্লাব লেস্টার সিটি। পাশাপাশি তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
স্বল্প সময়েই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের ম্যাচে তার উপস্থিতি মাঠে বাড়তি গতি ও আত্মবিশ্বাস যোগ করে।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য একটি প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। যদিও বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করেছে, তবুও এই ম্যাচগুলোকে সামনে রেখে হামজাকে পাওয়ার আশায় থাকবে বাফুফে।
লেস্টার সিটির অবস্থাও বর্তমানে স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া দলটি এবারও টেবিলের নিচের দিকে রয়েছে। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ৬ পয়েন্ট। এমন পরিস্থিতিতে হামজার চোটে ছিটকে যাওয়া লেস্টারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...