Logo Logo

সাংবাদিক শফিক রেহমান-আইয়ুব বাচ্চুসহ ১০ গুণী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক


Splash Image

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ এর জন্য মনোনীত হয়েছেন ১০ জন বিশিষ্ট গুণী ব্যক্তি। পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রবীণ সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান, কিংবদন্তি অভিনেত্রী ববিতা এবং প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মতো খ্যাতিমান ব্যক্তিত্বরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই নামগুলো ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এ বছর তাঁদের এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করেছে।

চলতি বছর পদকপ্রাপ্তদের তালিকায় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন ববিতা। সংগীতে অসামান্য অবদানের জন্য মরণোত্তর একুশে পদক পাচ্ছেন জনপ্রিয় ব্যান্ড এলআরবি-র প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু। প্রথমবারের মতো ব্যান্ড মিউজিক বিভাগে এই সম্মাননা পাচ্ছে দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ‘ওয়ারফেজ’।

এ ছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শফিক রেহমানকে এই পদক প্রদান করা হচ্ছে। অন্যান্য বিভাগে পদকপ্রাপ্তরা হলেন— চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।

উল্লেখ্য, ২০২৬ সালের একুশে পদকের জন্য সরকার গত বছরের জুলাই মাসের শেষ দিকে মনোনয়ন আহ্বান করেছিল। সে সময় ইচ্ছুক ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ৩০ অক্টোবরের মধ্যে তাঁদের মনোনয়ন জমা দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আজ এই ১০ জন গুণী ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...