Logo Logo

ধানের শীষের প্রচারণায় লন্ডন ফেরত বিএনপি কর্মীকে ফুলেল সংবর্ধনা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণায় অংশ নিতে ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন বিএনপির কর্মী কবির হোসেন। তাকে স্বাগত জানাতে রেলওয়ে স্টেশনে ফুলেল সংবর্ধনা দেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন তিনি। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার সময় বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নির্বাচনী পরিবেশকে ঘিরে দলীয় প্রচারণা জোরদার করতে দেশে ফেরেন ওই বিএনপি কর্মী। তার আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওই বিএনপি কর্মী বলেন, আমি দীর্ঘদিন ধরে লন্ডনে ছিলাম। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যেকোনো প্রোগ্রাম ডাকলে সামনে থেকে অংশগ্রহণ করেছি। আজ দেশের মাটিতে পা রেখে নিজেকে সম্পূর্ণ স্বাধীন মনে করছি। তাই দেশ ও দলের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রবাস জীবনের ব্যস্ততা ফেলে দেশে ফিরেছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমি মাঠ পর্যায়ে কাজ করব।

তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এসময় সংবর্ধনা শেষে একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্টেশন এলাকা প্রদক্ষিণ করে এবং ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...