বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা মোল্লারহোড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক জেলে অংশগ্রহণ করে অবৈধ ট্রলিং বন্ধের জোর দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা জানান, ছোট ছোট নৌকা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরা তাদের একমাত্র জীবিকা। কিন্তু অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্যে দিন দিন তাদের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়ছে।
ভুক্তভোগী জেলে মো. বাবলু, জাকির আকন ও বেল্লাল বিশ্বাসসহ অনেকে বলেন, “আমরা রাত-দিন জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরতে যাই। ছোট নৌকায় একাই মাছ ধরতে হয়। কিন্তু অবৈধ ট্রলিং বোটগুলো কোনো ধরনের সিগন্যাল বা হুইসেল না দিয়েই আমাদের নৌকার ওপর দিয়ে চলে যায়। এতে জাল ও অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়ে আমাদের হাজার হাজার টাকার ক্ষতি হয়।”
তারা আরও অভিযোগ করেন, পাথরঘাটায় কোস্টগার্ডের সঙ্গে জটিলতার পর এসব অবৈধ ট্রলার সেখানে না ভিড়ে আমুয়া এলাকায় গিয়ে মাছ বিক্রি করে। যাতায়াতের সময় এসব ট্রলার ছোট নৌকাগুলোতে ধাক্কা দিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটায়।
স্থানীয় বাসিন্দা রিয়াজ ফরাজি বলেন, “অবৈধ ট্রলিংয়ের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এখন আর সহ্য করার মতো অবস্থায় নেই। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
আরেক স্থানীয় বাসিন্দা রিয়াজ মুন্সি জানান, কিছুদিন আগে তাদের এলাকার মোস্তফা শিকদারকে একটি ট্রলিং বোট ধাক্কা দিয়ে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার নৌকাটি অনেক দূরে ভাসতে দেখা গেছে এবং সেখানে লাল রঙের দাগ পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, একটি বড় বোটের ধাক্কায় তিনি নিখোঁজ হয়েছেন। এখনো তার মরদেহ উদ্ধার হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধি হালিম মেম্বার বলেন, “প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে এবং বহু জেলে এর শিকার হচ্ছেন। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি। বিচার না হলে এলাকার মানুষ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। গরিব জেলেরা যেন নিরাপদে মাছ ধরে পরিবার নিয়ে বাঁচতে পারে, সেটাই আমাদের দাবি।”
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জেলে, তাদের পরিবার-পরিজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...