Logo Logo

কারাগারে অসুস্থ হয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু


Splash Image

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

দিনাজপুর জেলা কারাগারে কারাবন্দি অবস্থায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্র নিশ্চিত করেছে, রমেশ চন্দ্র সেন হত্যাসহ পৃথক তিনটি মামলায় কারাবন্দি ছিলেন। গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। প্রথমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে রাখা হলেও পরবর্তীতে ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন রমেশ চন্দ্র সেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

রমেশ চন্দ্র সেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ঠাকুরগাঁও-১ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে কারাগারে বন্দিদশায় একজন সাবেক মন্ত্রীর এমন আকস্মিক মৃত্যু নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...