Logo Logo

ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

বিএনপির নেতাকর্মীদের কাছে বাংলাদেশই প্রথম ও শেষ ঠিকানা


Splash Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তাঁর আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীও বিশ্বাস করে এই দেশই তাদের প্রথম এবং শেষ ঠিকানা।


বিজ্ঞাপন


শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনী জনসভায় কেবল একে অপরের সমালোচনা করলে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা তাদের জন্য কী করব। এ কারণেই বিএনপি দেশ পুনর্গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ রক্ষা পেয়েছে, এখন সময় এসেছে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার।

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে জানিয়েছেন এখানকার বিমানবন্দরের কাজ অনেক দূর এগিয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দ্রুততম সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে। এছাড়া এই কৃষিপ্রধান অঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

কৃষক ও নারীদের উন্নয়নে বিশেষ ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করব, যার মাধ্যমে সহজে ঋণ নেওয়া যাবে। বর্তমান বকেয়া কৃষিঋণের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের বোঝা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সরকারের পক্ষ থেকে তা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের অভ্যুত্থানে আমরা কে কোন ধর্মের তা দেখিনি। হাজার বছর ধরে এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। দেশের উন্নয়ন ও পুনর্গঠনে তিনি সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...