Logo Logo

মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু


Splash Image

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নির্মাণকাজে ব্যবহৃত একটি ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জালান পেরাক এলাকায়। নিহত প্রবাসী নিজেই ক্রেনটির চালক ছিলেন বলে জানা গেছে।

কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, ওই প্রবাসী শ্রমিক রাস্তার পাশে একটি বিলবোর্ডের কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত ওই ক্রেনটি ফুটপাতের এক কোণে আটকে যায়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ক্রেনটি উল্টে গেলে এর নিচেই চাপা পড়েন ওই চালক।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্রেনটির ভারে পাশে থাকা দুটি ব্যক্তিগত গাড়ি দুমড়েমুচড়ে যায়। তবে ভাগ্যক্রমে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের কেউ আঘাত পাননি। খবর পেয়ে কুয়ালালামপুর হাসপাতালের একজন চিকিৎসক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রবাসীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ক্রেনটির মালিকানাধীন প্রতিষ্ঠানের খোঁজ শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি না কি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ব্যস্ততম এই এলাকায় ক্রেনটি চালানোর বৈধ অনুমতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রবাসে কাজ করতে গিয়ে এমন অকাল মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...