Logo Logo

ইউজিসির প্রফেশনাল ট্রেনিংয়ে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবি শিক্ষক মোহাম্মদ ফারুক


Splash Image

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘প্রফেশনাল ডেভলপমেন্ট ট্রেনিং’-এ (পিডিটি) মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক। একইসঙ্গে তিনি ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্পের আওতায় ‘এটিএফ এসপিপি’ প্রাপ্ত বাংলাদেশের একমাত্র শিক্ষক হিসেবে গৌরব অর্জন করেছেন।


বিজ্ঞাপন


ইউজিসির এইচইএটি প্রকল্পের অধীনে দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৫ সালের ১২ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণ গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ২০২৬ তারিখে সম্পন্ন হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৬০ জন শিক্ষক প্রথম ধাপে এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান, যা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিচালিত হয়।

বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের ফলাফল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষক মোহাম্মদ ফারুক গবেষণায় অত্যন্ত আগ্রহী ও পারদর্শী। আন্তর্জাতিক মানের বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত তাঁর কাজের সাইটেশন সংখ্যা বর্তমানে ৪০০ ছাড়িয়েছে, যা তাঁর একাডেমিক দক্ষতার প্রমাণ দেয়।

সমাপনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত রেক্টর ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষক মোহাম্মদ ফারুকের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এই অসামান্য অর্জনে মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পেশাগত দক্ষতার এই স্বীকৃতি ভবিষ্যতে তাঁকে মানসম্মত শিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...