Logo Logo

তেঁতুলিয়ায় টিআর কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট, মানা হচ্ছে না প্রকৌশলী নিয়ম


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন একটি সড়ক সোলিং প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রকৌশল নীতিমালা না মেনে ইট লম্বালম্বিভাবে বিছানোর ঘটনাও দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


বিজ্ঞাপন


অভিযোগের ভিত্তিতে গত রোববার ও বুধবার (১ ও ৪ ফেব্রুয়ারি) সরেজমিনে উপজেলার মাঝগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, ‘মাঝগ্রাম তরিফ উদ্দিনের বাড়ি হইতে রসিদুলের বাড়ি পর্যন্ত রাস্তা ইট সোলিং করণ’ প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। ফ্ল্যাট সোলিং রাস্তার প্রস্থ বরাবর না বিছিয়ে লম্বালম্বিভাবে বসানো হয়েছে, যা প্রকৌশল নিয়মের পরিপন্থী।

জানা গেছে, ২০২৫–২০২৬ অর্থবছরের টিআর কর্মসূচির প্রথম পর্যায়ে এ প্রকল্পের জন্য সরকার ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। প্রকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাফফর হোসেন।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে দখলসংক্রান্ত জটিলতায় রয়েছে। মাঝগ্রামের বাসিন্দা আলহাজ মো. নজরুল ইসলাম জানান, তিনি ২০২০ সালের ২৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর রাস্তার জায়গায় সুপারি গাছ ও টিনের বেড়া দেওয়ার অভিযোগ করেন। সে সময় প্রশাসন বেড়া অপসারণ করলেও পরবর্তীতে ব্রতল গ্রামের বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে পুনরায় জায়গাটি দখল করেন বলে অভিযোগ করেন তিনি।

চলতি বছরের ২৭ জানুয়ারি চারজনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবারও অভিযোগ করেন নজরুল ইসলাম। ইউএনও বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করেন। পরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার নির্দেশে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হলে টিনের বেড়ার ভেতরে প্রায় ৬–৭ ফুট রাস্তার জায়গা পাওয়া গেছে বলে জানান অভিযোগকারী। তিনি বলেন, “এখন ইউপি সদস্য ৯ ফুটের জায়গায় ৮ ফুট সোলিং করার কথা বলেছেন। আর যে ইট ব্যবহার করা হচ্ছে, সেগুলো দুই-তিন নম্বরের। সাংবাদিকরা বিষয়টি দেখবেন।”

অভিযোগে নাম থাকা শামসুদ্দিন মুঠোফোনে বলেন, “তহসিলদার এসে দেখে রিপোর্ট নিয়ে গেছেন। যেভাবে আছে, সেভাবেই কাজ করার নির্দেশ দিয়ে গেছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তিনি সরেজমিনে উভয়পক্ষকে ডেকে আরএস ট্রেসিং ম্যাপ অনুযায়ী পরিমাপ করেছেন। অভিযোগকারীর বর্ণনা অনুযায়ী টিনের বেড়ার ভেতরে রাস্তার জমি পাওয়া গেছে। তবে আরএস রেকর্ড চূড়ান্ত না হওয়ায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। রাস্তাটির কাজ যেন বন্ধ না থাকে, সে জন্য ইউপি সদস্যের উপস্থিতিতে উভয়পক্ষকে আলোচনা করে এগোনোর কথা বলা হয়েছে।

ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি মোজাফফর হোসেন বলেন, “রাস্তা নিয়ে নজরুল মাস্টার একটি অভিযোগ করেছেন, তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।” ইটের মান নিম্নমানের—এ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এলাকাবাসী নয়, কয়েকটি পরিবার ও কয়েকজন লোক ইট ভালো না বলে প্রচার করছে। ১৫ শতাংশ ভ্যাট দিয়ে এই টাকায় কী কাজ করব? যা করছি, যথেষ্ট হচ্ছে।” তিনি আরও দাবি করেন, একই ইট বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের কাজেও নেওয়া হয়েছে। তার ভাষ্য, রাস্তার দখলসংক্রান্ত অভিযোগের কারণেই এসব বিতর্ক তৈরি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম শাহ বলেন, “প্রকল্পের কাজ বন্ধ ছিল—৫ ফেব্রুয়ারি প্রতিবেদকের কাছ থেকে বিষয়টি জেনেছি।” তিনি জানান, ইটের মান খারাপ হওয়ায় এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। ইউপি সদস্যকে নিম্নমানের ইট পরিবর্তন করে ভালো মানের ইট এনে অফিসকে অবহিত করার পর কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “রাস্তা নিয়েও একটি অভিযোগ আছে। ইউপি সদস্য কেন ওই ইট দিয়ে কাজ শুরু করেছেন, তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” সোলিংয়ে ইট লম্বালম্বিভাবে বিছানোর বিষয়ে তিনি বলেন, “লম্বালম্বি ইট বিছানোর কোনো প্রশ্নই আসে না। ছবি থাকলে পাঠান, ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ বলেন, “ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিমাপে যদি টিনের বেড়ার ভেতরে রাস্তার জমি পাওয়া যায়, তা অপসারণ করে জমি উদ্ধার করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, “সামনে নির্বাচন থাকায় সরেজমিনে যাওয়ার সময় পাচ্ছি না। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। প্রকল্পে কোনো অনিয়ম হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত নিম্নমানের ইট সরিয়ে প্রকৌশল নীতিমালা মেনে কাজ সম্পন্ন করা এবং রাস্তার দখলমুক্ত অবস্থান নিশ্চিত না করলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...