Logo Logo

যৌথ বাহিনীর অভিযানে উখিয়ায় সহস্রাধিক রোহিঙ্গা আটক


Splash Image

ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে থাকা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের সীমানা পেরিয়ে বিভিন্ন ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে অবস্থান নেওয়া সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।


বিজ্ঞাপন


রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সাঁড়াশি অভিযান শুরু হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের একটি আশঙ্কা রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী এই কঠোর অবস্থান নিয়েছে। অভিযান এখনো চলমান থাকায় আটককৃতদের সঠিক সংখ্যা পরবর্তীতে জানানো হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পে সুনির্দিষ্ট আবাসনের ব্যবস্থা থাকলেও অনেক রোহিঙ্গা নিয়ম লঙ্ঘন করে ক্যাম্পের বাইরে স্থানীয়দের জমিতে ঘর বানিয়ে বা ভাড়া বাসায় বসবাস করছে। এটি স্থানীয় জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আটককৃতদের বর্তমানে একটি নির্দিষ্ট স্থানে জড়ো করে রাখা হয়েছে। তাদের ক্যাম্প থেকে বেরিয়ে আসার কারণ এবং নির্বাচনের আগে কোনো বিশেষ উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে কি না, তা গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, গত সপ্তাহেও চট্টগ্রামের চন্দনাইশ, দোহাজারি, বার্মা কলোনি ও লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল।

রামু ক্যান্টনমেন্ট সূত্র জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুরো চট্টগ্রাম বিভাগজুড়েই এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...