Logo Logo

পাকিস্তান থেকে ট্রেনের বগি ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ


Splash Image

অন্যান্য দেশের তুলনায় সাশ্রয়ী মূল্যে পাওয়ায় পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও ট্রেনের বগি কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। এই প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান।

পরিদর্শনকালে পাকিস্তান রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি বাংলাদেশের প্রতিনিধি দলকে কারখানার প্রযুক্তিগত সক্ষমতা এবং রেলওয়ের চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। প্রতিনিধি দলটি মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপও ঘুরে দেখেন এবং ট্রেনের বগি ও ওয়াগন তৈরির প্রক্রিয়া স্বচক্ষে পর্যবেক্ষণ করেন।

সফররত বাংলাদেশের প্রতিনিধিরা এই সফরকে দুই দেশের মধ্যকার শক্তিশালী সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে পাকিস্তান রেলওয়ে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনা—এই চারটি দেশে ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।

পাকিস্তান রেলওয়ের কর্মকর্তা মুহাম্মদ নাসির খালিলি জানান, বাংলাদেশ এই সরঞ্জাম কেনার বিষয়ে ভারতের সঙ্গেও আলোচনা করছে। তবে এর মধ্যেই ঢাকা পাকিস্তানের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছে। শিগগিরই বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষজ্ঞ দল পাকিস্তান সফর করে প্রযুক্তিগত খুঁটিনাটি যাচাই করবে।

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি মনে করেন, দুই দেশের এই ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতার ফলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...