Logo Logo

গোপালগঞ্জে জামায়াত জোট বর্জনের ডাক মুক্তিযোদ্ধাদের


Splash Image

গোপালগঞ্জে স্বাধীনতা বিরোধী জামায়াত জোটকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।


বিজ্ঞাপন


আজ রোববার (৮ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের এক মতবিনিময় সভায় তারা এই ঘোষণা দেন।

সভায় মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরকে সমর্থন জানিয়ে তাকে বিজয়ী করতে 'ধানের শীষ' প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম বাবর।

সভায় মুক্তিযোদ্ধারা জামায়াত সংশ্লিষ্ট যেকোনো রাজনৈতিক জোটকে দেশ ও জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামী যে পৈশাচিক কর্মকাণ্ড ও ভয়াবহ গণহত্যা চালিয়েছে, তা কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিক মানুষ ভুলে যেতে পারে না।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান এবং উপজেলা কমান্ডার আবুল কালাম। তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের নৃশংস ইতিহাসের স্মৃতিচারণ করে বলেন, জামায়াতের মতো অপশক্তির সাথে থাকা কোনোভাবেই সম্ভব নয়। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের কল্যাণের স্বার্থেই তারা ধানের শীষের প্রার্থী ডা. কে এম বাবরকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের এই নিঃস্বার্থ সমর্থন তার রাজনৈতিক জীবনের এক বড় প্রেরণা।

তিনি প্রতিশ্রুতি দেন যে, ধানের শীষ বিজয়ী হলে মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা রক্ষা এবং তাদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের কাজ করা হবে।

যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ডা. কে এম বাবরের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সাধারণ মানুষকেও স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...