Logo Logo

বিডা চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না


Splash Image

ফাইল ছবি।

বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলের বাকি দুই কার্যদিবসের মধ্যে দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের ইজারা চুক্তি সম্পন্ন হচ্ছে না।


বিজ্ঞাপন


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, ডিপি ওয়ার্ল্ড প্রস্তাবিত চুক্তি পর্যালোচনার জন্য আরও সময় চাওয়ায় এই প্রক্রিয়াটি নির্বাচন পরবর্তী সময়ের জন্য পিছিয়ে যাচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের চূড়ান্ত দরকষাকষির ধাপ গত এক মাস ধরে চলছিল। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা তাদের সাথে নিরবচ্ছিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে আরও সময়ের প্রয়োজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে একটি চিঠি এসে পৌঁছেছে। ওই চিঠিতে প্রতিষ্ঠানটি চলমান দরকষাকষির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে।

ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, তারা খসড়া কনসেশন চুক্তিটি গ্রহণ করেছে এবং বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে বিষয়টিকে আরও নিবিড়ভাবে পুনর্মূল্যায়ন করতে তারা বাংলাদেশ সরকারের কাছে অতিরিক্ত সময় চেয়েছে।

আশিক চৌধুরী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ হাতে রয়েছে মাত্র দুই কার্যদিবস। ডিপি ওয়ার্ল্ড সময় চাওয়ায় এই সরকারের সময়ে চুক্তি সই করা সম্ভব হচ্ছে না। ফলে চলমান এই নেগোসিয়েশন বা আলোচনা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত নতুন সরকারের আমলে আবারও শুরু হতে পারে।

উল্লেখ্য, ডিপি ওয়ার্ল্ডের এই চিঠিতে বর্তমান সরকারের নেগোসিয়েশন প্রক্রিয়ার প্রশংসা করা হয়েছে এবং ভবিষ্যতে এটি সঠিক দিকেই এগোবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। এই বিলম্বের ফলে বিশাল এই বিনিয়োগ প্রকল্পের ভবিষ্যৎ এখন নির্বাচন পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...