Logo Logo

মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা


Splash Image

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করার বিধান থাকায় এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী আর কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দীর্ঘ প্রচারণার উৎসবমুখর পরিবেশ এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে রূপ নিয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন বাতিল করায় মোট ২৯৯টি আসনে লড়াই হবে।

ইসি সূত্রে জানা গেছে, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলোতে আজকের মধ্যেই ব্যালট পৌঁছে যাবে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গাজীপুর-২ আসনে সর্বোচ্চ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন এবং ঝালকাঠি-১ আসনে সর্বনিম্ন ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

নির্বাচন পরিচালনার জন্য সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ভোট নিশ্চিতে ৮ লাখ কর্মকর্তার পাশাপাশি ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপক উপস্থিতি থাকছে। ৮১টি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক এই নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন বলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...