Logo Logo

রাজাপুরে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, অস্বীকার বিএনপির


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কবির হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসলেও একটি বিশেষ মহলের পক্ষ থেকে বাধা ও হামলার ঘটনা ঘটছে। জামায়াতের কর্মীদের নিয়মিত হুমকি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও দাবি করা হয়।

উপজেলা আমির অভিযোগ করেন, সাতুরিয়া ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবীরা বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের ছত্রছায়ায় নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে দীর্ঘদিনের পুরোনো একটি জামায়াত কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

জামায়াত নেতাদের দাবি, এর আগে প্রকাশ্যে হুমকি দিয়ে বলা হয়েছিল যে সাতুরিয়া ইউনিয়নে জামায়াতের কোনো চিহ্ন রাখা হবে না। কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনায় ওই চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। জামায়াত নেতারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে জামায়াতের উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করেছেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

তিনি বলেন, জামায়াতের লোকেরাই নিজেরা আগুন দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বিএনপির মতো বড় দল এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রশ্নই আসে না।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...