Logo Logo

সরাইলে রুমিন ফারহানার পক্ষে প্রচারণা, বিএনপির ৩২ নেতা বহিষ্কার


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরাইল উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ৩২ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞাপন


বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে তারা বহিষ্কৃত প্রার্থীর পক্ষে কাজ করছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর এবং জেলা বিএনপির আইন সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে শাহবাজপুর ইউনিয়নের অলি আহাদ, লিমন মিয়া, হেলাল মিয়া, গিয়াস উদ্দিন, রাশু মিয়া, ফরিদ মিয়া, ছান্দু মিয়া ও মোঃ ওসমান রয়েছেন। কালিকচ্ছ ইউনিয়ন থেকে বহিষ্কৃত হয়েছেন সুফল উদ্দিন ও খাজা আহমেদ সর্দার।

নোয়াগাঁও ইউনিয়ন থেকে আলম মোতাঈদ, মোবারক হোসেন, হেদায়েত উল্লাহ মৃধা (ওলামা দল) ও আনোয়ার মৃধা বহিষ্কারের তালিকায় রয়েছেন। শাহজাদাপুর ইউনিয়নের তৌহিদ পাঠান, মফিজুল ইসলাম, মোঃ সেলিম মিয়া খাদেম, মোঃ ছুরু রহমান, মোঃ নুর মিয়া, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম ধনু, মোঃ তছলিম মিয়া, হাফেজ ইব্রাহিম, আবুল হোসেন শিকদার ও মোঃ সুলমান মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সরাইল সদর ইউনিয়নের মোঃ মহব্বত আলী; পাকশিমুল ইউনিয়নের আলমগীর ভূইয়া, মোঃ সিরাজ খান ও মোঃ আনু মিয়া এবং অরুয়াইল ইউনিয়নের জালাল উদ্দীন আহমেদ ও আব্দুল আজিজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই এই নেতারা দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...