Logo Logo

জামায়াতের সংবাদ সম্মেলন

শেরপুরে পোলিং এজেন্টদের হুমকি ও নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগ


Splash Image

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনি বিধিমালা লঙ্ঘনের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের গাজীর খামার টেম্পুস্ট্যান্ড এলাকায় স্থাপিত প্রধান নির্বাচনি পরিচালনা কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তিনি অভিযোগ করেন, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে তাদের নির্ধারিত পোলিং এজেন্টদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে ধানের শীষের নেতা-কর্মীরা লাগাতার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় ইতোমধ্যে বেশ কয়েকজন এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে বলেও তিনি দাবি করেন।

প্রার্থী মু. গোলাম কিবরিয়া আরও জানান, নির্বাচনি আইন অনুযায়ী মঙ্গলবার থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকলেও ধানের শীষের পক্ষ থেকে বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া ভোটারদের মাঝে পান বিতরণের ছদ্মবেশে ‘কালো টাকা’ ছড়ানোর গুরুতর অভিযোগও করেন তিনি। উপজেলার একটি স্থানে তার নির্বাচনি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনি পরিবেশ নষ্ট ও চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পিত চেষ্টা চালানো হচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মাহফুজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা আমির মাওলানা মো. আফসার উদ্দিন, সেক্রেটারি মো. শাহাদাত হোসেন (বিএসসি), উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আব্দুল করিম আকন্দ ও সহসভাপতি মুফতি মো. আব্দুস সবুরসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...