Logo Logo

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ


Splash Image

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী শুক্রবার সকালে ঘোষণা করা হবে।


বিজ্ঞাপন


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশ থেকে আসা ফলাফল গণনা শেষে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

পোস্টাল ভোটের বিষয়ে ইসি সানাউল্লাহ জানান, এই ভোটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল হলেও বাকি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে ভোটগুলো ডাকযোগে পৌঁছাবে, কেবলমাত্র সেগুলোই সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে। এর পরের সময়ে আসা ভোটগুলো গণনায় অন্তর্ভুক্ত হবে না।

নির্বাচনি নিরাপত্তা ও অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে ঘিরে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিতে কেন্দ্রগুলো সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে।

দ্বৈত নাগরিকদের ভোটাধিকার নিয়ে ইসি স্পষ্ট করেন যে, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, এতে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্য দেশের নাগরিকত্ব অবশ্যই ত্যাগ করতে হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে তিনি ব্রিফিংয়ে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...