Logo Logo

তেঁতুলিয়ায় ৩৭ ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি ঝুঁকিপূর্ণ, নিচ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন


Splash Image

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষ। তেঁতুলিয়া উপজেলায় মোট ৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


বিজ্ঞাপন


সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসন (আটোয়ারী-পঞ্চগড় সদর-তেঁতুলিয়া) এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৯ হাজার ৮০৭ জন। ভোটগ্রহণের জন্য উপজেলার সাতটি ইউনিয়নে ৩৭টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে মোট ২১৫টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধীনে মোতায়েন থাকছে র‌্যাবের ২০ সদস্য। এছাড়া প্রতি কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য, ১১২ জন বিজিবি, ১৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং প্রতি কেন্দ্রে ১৩ জন করে আনসার ভিডিপি দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ২ জন থাকবেন অস্ত্রধারী। সাতটি ইউনিয়নে ৬৫ জন গ্রামপুলিশও মোতায়েন করা হয়েছে।

ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তা জোরদারে ২০টি স্ট্রাইকিং টিম ও ২৫টি মোবাইল টিম মাঠে থাকবে। তেঁতুলিয়ার ৩৭টি ভোটকেন্দ্রই থাকবে ৩৩১টি সিসি ক্যামেরার আওতায়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে, যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

তিনি আরও বলেন, “উপজেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারপরও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে। শতভাগ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়মের কোনো সুযোগ নেই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...