Logo Logo

কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই এই প্রক্রিয়া একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। বিশেষ করে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

ভোটগ্রহণ চলাকালীন কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জালিয়াতির চেষ্টা করায় দুইজনকে আটক করা হয়েছে। জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) হাতেনাতে আটক করে দায়িত্বরত কর্মকর্তারা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে আরও একজনকে আটক করা হয়েছে। বেলাল হোসেন (৪৬) নামের ওই ব্যক্তি ভোটদানের গোপন কক্ষে ঢুকে ব্যালট পেপারের ছবি তোলার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসতেই পুলিশ তাকে আটক করে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...