বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চরঈশ্বর বাংলা বাজার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় মিরাজ উদ্দিন এবং তার মোটরসাইকেল চালক সাকিব গুরুতর আহত হন।
হাতিয়ার ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা এবং সোনাদিয়া ইউনিয়নেও বিচ্ছিন্নভাবে হামলার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী হান্নান মাসুদের একাধিক সমর্থক অভিযোগ করেছেন যে, বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপি কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। যানবাহন সংকটের কারণে অনেক আহত ব্যক্তি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও তারা দাবি করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর তারা পেয়েছেন এবং এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...