Logo Logo

পটুয়াখালী-৪ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


Splash Image

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বর্তমানে কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনার কাজ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। কলাপাড়া উপজেলার ৭৪টি কেন্দ্রসহ এ আসনের মোট ১১১টি ভোটকেন্দ্রের অধিকাংশেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে কলাপাড়া উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ থেকে ৬৯ শতাংশ বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

পটুয়াখালী-৪ আসনে মোট ৩ লাখ ১২ হাজার ৬০১ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থী। তাঁরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ।

ভোটগ্রহণ পরবর্তী যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা রোধে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় বর্তমানে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোস্টগার্ড এবং নৌ-বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাবের ২টি বিশেষ টহল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এবং এখন সব নজর ফলাফল ঘোষণার দিকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...