Logo Logo

মাদারীপুর-১: পোস্টাল ভোটে নাটকীয় জয়, এমপি হলেন পীরজাদা হানজালা


Splash Image

মাদারীপুর-১ (শিবচর) আসনে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই আর শেষ মুহূর্তের নাটকীয়তায় সকল হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী পীরজাদা হানজালা। ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর ৭ম পুরুষ পীরজাদা হানজালা রিকশা প্রতীক নিয়ে রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।


বিজ্ঞাপন


নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু এবং স্বতন্ত্র প্রার্থী (জাহাজ প্রতীক) কামাল জামান মোল্লাকে ঘিরে যে অলিখিত যুদ্ধের ধারণা করা হচ্ছিল, পোস্টাল ভোটের সমীকরণে তা পাল্টে গেছে। এই ফলাফলে শিবচরের সাধারণ ভোটারদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ।

ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনে মিজান। এ সময় সার্কেল এএসপি সালাহউদ্দিন, ওসি শফিকুল ইসলাম, এসিল্যান্ড শাইখা সুলতানা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোট ১০২টি কেন্দ্রের সাধারণ ব্যালট গণনায় দেখা যায়, ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু পেয়েছেন ৬৪,২৯১ ভোট এবং পীরজাদা হানজালা পেয়েছেন ৬৩,৫১১ ভোট। ব্যালট পেপারে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকলেও পোস্টাল ভোটের ফলাফল যোগ হতেই পাল্টে যায় দৃশ্যপট। শেষ পর্যন্ত পোস্টাল ভোটসহ মোট ৩৮৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন পীরজাদা হানজালা। নির্বাচন কমিশন সূত্র ও স্থানীয় বিশ্লেষকদের মতে, ক্লিন ইমেজ এবং পারিবারিক ঐতিহ্যের কারণেই ভোটাররা তাকে বেছে নিয়েছেন।

বিজয়ের পর এক বার্তায় নবনির্বাচিত সাংসদ পীরজাদা হানজালা এই জয়কে 'শিবচরের সাধারণ মানুষের বিজয়' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "আমি আপনাদের নিয়ে শিবচরে ন্যায় ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করব।" কোনো প্রকার আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়ে তিনি জানান, শুক্রবার জুমআ’র নামাজে সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে শিবচরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারিতে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...