Logo Logo

শ্মশানে পরিচ্ছন্নতা থেকে বৃক্ষরোপণ, ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসার ঢল


Splash Image

ঝালকাঠিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


বিজ্ঞাপন


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠির সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভার সাধারণ সম্পাদক ইঞ্জি. অসীত বরন সাহা, হিন্দু পরিষদ ঝালকাঠি জেলার উপদেষ্টা পিনাকি দাস এবং সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার রায় ভুট্টো। অতিথিরা সংগঠনের সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় প্রত্যয় তরুণ সংঘের মুখপাত্র যুবরাজ দাস, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সদস্যরা শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। আয়োজকদের ভাষ্য, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যয় তরুণ সংঘ ঝালকাঠিতে ইতোমধ্যেই একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সংগঠনটির ধারাবাহিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে। তিনি সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে অব্যাহত রাখতে চাই।”

স্থানীয়দের মতে, ধর্মীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা ও সবুজায়নের এমন উদ্যোগ তরুণদের সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক উদাহরণ। পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন। প্রত্যয় তরুণ সংঘ ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...