বিজ্ঞাপন
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে ককটেল তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। বিস্ফোরণে নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।
বিস্ফোরণে গুরুতর আহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর থেকে চরবাগডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...