Logo Logo

ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা–ভাঙচুর, আহত ২


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন এবং পুলিশ এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে কাঁঠালিয়া থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কালাম মেম্বারের নেতৃত্বে একদল নেতাকর্মী পাটিখালঘাটা ইউনিয়নের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়ি এবং তাঁর ভাই কামাল জমাদ্দারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা হারুন অর রশিদের গবাদিপশুর খাদ্য রাখার ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) গুরুতর আহত হন।

এছাড়া একই ইউনিয়নের মোস্তফা মাস্টার ও ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাটিখালঘাটা বাজারে জহিরুল ইসলাম দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানেও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ইউনিয়ন জামায়াত অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির পরিবর্তে জামায়াতকে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁদের প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, পাটিখালঘাটার সহিংসতার ঘটনায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...