Logo Logo

টুঙ্গিপাড়ায় কর্মী সমাবেশে এসএম জিলানী

‘কোন দালালী ব্যবসা করা যাবে না’


Splash Image

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের দালালি ব্যবসা বা তদবিরের রাজনীতি বরদাশত করা হবে না।


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাসভবনে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী নেতাকর্মীদের সতর্ক করে বলেন, থানায় দালালি বা চাকরির নামে অর্থ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা লেনদেন করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমার কাছে আসলে আমি বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করে দেব, কিন্তু দালালি করে অর্থ উপার্জন করা যাবে না। আমি এখানে রাজনীতি করতে এসেছি, ব্যবসা করতে নয়।

ক্ষমতার অপব্যবহার সম্পর্কে আওয়ামী লীগের উদাহরণ টেনে তিনি বলেন, গত ১৭ বছর একটি দলের সীমাহীন ক্ষমতা আপনারা দেখেছেন, কিন্তু সেই ক্ষমতা টেকেনি। আপনারা যদি মনে করেন জিলানী ভাই এমপি বা মন্ত্রী হয়ে গেছেন বলে যা ইচ্ছে তাই করবেন, তবে আপনাদের অবস্থাও তাদের চেয়ে খারাপ হবে। দলের উচ্চ পর্যায় হোক বা নিম্ন পর্যায়, অন্যায়ের ক্ষেত্রে আমি কোনো ছাড় দেব না। প্রয়োজনে আমি কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব।

অঞ্চলবাসীর বিশ্বাসের মর্যাদা রক্ষার অঙ্গীকার করে তিনি বলেন, এলাকার মানুষ পবিত্র আমানত হিসেবে আমাকে ভোট দিয়েছে। এই আমানত আমি কারো ব্যক্তিগত স্বার্থে নষ্ট হতে দেব না। আমি মানুষের কল্যাণে কাজ করব এবং বেকারদের কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তবে চাকরির নামে টাকা নেওয়া বা কাউকে বিপদে ফেলে অর্থ আদায় করা থেকে বিরত থাকতে হবে।

অসাধু উপায়ে উপার্জিত অর্থের কুফল বর্ণনা করে তিনি নেতাকর্মীদের হালাল পথে চলার পরামর্শ দেন। তিনি বলেন, অন্যের অভিশাপ নিয়ে বিরিয়ানি খাওয়ার চেয়ে হালাল পথে ডাল-ভাত খাওয়া অনেক বেশি শান্তির। আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকলে আমি বিকল্প পথ খুঁজে দেব, প্রয়োজনে নিজের পকেট থেকে সহায়তা করব, কিন্তু দালালি বা চাঁদাবাজিতে জড়ানো যাবে না।

উক্ত কর্মী সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় এস এম জিলানী সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...