Logo Logo

সাতক্ষীরার রইচপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরার রইচপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। একইসঙ্গে তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় রইচপুর রাজ্জাকের মোড় এলাকায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

আলোচনা সভায় সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম যুগ্ম আহ্বায়ক এসএম মহাসিন আলম বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে, তাঁরই সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আজ বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।"

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার যুব ইউনিটের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ তাঁর বক্তব্যে ঐক্য ও সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, "আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমরা সবাই ভাই ভাই, এখানে কোনো প্রকার গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না। আমরা সাতক্ষীরা জেলাকে রক্ষা করব, কারণ সাতক্ষীরার উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আমরা সবাই মিলেমিশে কাজ করার অঙ্গীকার করছি।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, ভারপ্রাপ্ত সেক্রেটারি কামরুজ্জামান পলাশ, আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর রউফ এবং পৌর ৭নং ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম।

ছাত্র ও যুব নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক নেতা হাসানুজ্জামান এবং বিএনপি সদস্য হোসেন আলী, নাজমুল হাসান, মনির উদ্দিন সরদার, আমানুল্লাহ আমান, আবু তাহের, আশরাফুল ইসলাম, ইমরান হোসেন, ইনান হোসেন, সাব্বির হোসেন, জিল্লুর রহমান, কিবরিয়া হোসেন, তৌহিদুর রহমান, হাবিবুর রহমান, সাঈদ হোসেন, মুরাদ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...