বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
“সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক এই কর্মসূচির ডাক দেয় ‘প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, সাতক্ষীরা’। এতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, এক সময়ের প্রমত্তা প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের প্রাণস্পন্দন। শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে এই খালের ভূমিকা অনস্বীকার্য। তবে দীর্ঘদিনের দখলদারিত্ব ও অব্যবস্থাপনায় খালটি মৃতপ্রায় হয়ে পড়েছিল। সাম্প্রতিক কিছু উদ্যোগের ফলে খালটি যখন প্রাণ ফিরে পেতে শুরু করেছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল আবারও এটি ভরাটের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি খাল ভরাট হওয়া মানে শহরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়া। প্রাণসায়ের খাল পুরোপুরি ভরাট হলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে চরম জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে। এটি জীববৈচিত্র্যের জন্যও বড় ধরনের হুমকি।
আন্দোলনকারীরা অবিলম্বে খালের ওপর সকল প্রকার অবৈধ দখল উচ্ছেদ এবং স্থায়ী সংরক্ষণে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে এই অপচেষ্টার সাথে জড়িতদের দ্রুত তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে আরও বৃহত্তর ও লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে। পরিবেশ রক্ষায় এবং খালের অস্তিত্ব টিকিয়ে রাখতে শহরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...