Logo Logo

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার


Splash Image

ইসলাম ধর্ম গ্রহণ ও ওমরাহ পালন শেষে মক্কায় আবেগঘন মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সৌজা। ছবি : ক্যাথলিন সৌজা ইন্সটাগ্রাম

ব্রাজিলিয়ান ফুটবলের পরিচিত মুখ এবং বর্তমানে সৌদি আরবের শীর্ষ ক্লাব আল নাসরের নারী দলের অধিনায়ক ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। তার এই নতুন পথচলা নিয়ে ক্রীড়াঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার জোয়ার।


বিজ্ঞাপন


ক্যাথলিনের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে আল নাসর নারী দল তাদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছে। ভিডিওটির ক্যাপশনে ক্লাব কর্তৃপক্ষ লিখেছে, ‘ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে আমরা তার জীবনের এক বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তার হৃদয় প্রশান্তি ও শান্তিতে ভরে ওঠে।’ ভিডিওতে দেখা যায়, কালিমা পাঠ করার সময় এই আন্তর্জাতিক তারকা নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি কেবল জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার এবং নিজের একটি উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করছিলাম।’

ক্যাথলিন তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও মক্কা ভ্রমণের ও ওমরাহ পালনের একাধিক ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘জীবনের এই উপহারের জন্য আমি কৃতজ্ঞ। এটি আমার সঠিক পথ খুঁজে পাওয়ার এবং ইতিবাচক পরিবর্তনের দিকে ছোট ছোট কিছু পদক্ষেপ।’ মাঠের পারফরম্যান্সেও বর্তমানে দারুণ সময় পার করছেন এই তারকা। সম্প্রতি তিনি আল নাসরের হয়ে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন, যা তার ক্যারিয়ারের এক অন্যতম স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে বেশ অভিজ্ঞ। এর আগে তিনি ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে মাঠ মাতিয়েছেন। ২০২৪ সালের আগস্টে তিনি আল নাসরে যোগ দেন। ব্রাজিলের সান্তোস এফসির হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করলেও উচ্চশিক্ষার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ইউনিভার্সিটি অফ লুইসভিল ও ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনা করেন। বর্তমানে তিনি ব্রাজিল নারী জাতীয় দলের হয়েও নিয়মিত প্রতিনিধিত্ব করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...