বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে নিজেদের শক্তির জানান দিচ্ছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। গত দুই বিশ্বকাপে চমক দেখানোর পাশাপাশি আফ্রিকান নেশনস কাপেও আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজরা রানার্সআপ হয়েছে। মাঠের সাফল্যের ধারাবাহিকতায় এবার স্পেনের কাছ থেকে ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ছিনিয়ে নিতে চায় তারা। এ লক্ষ্যে প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে কাসাব্লাঙ্কায় একটি অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ করছে দেশটি, যা বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল ভেন্যু হতে যাচ্ছে।
মরক্কোর এই অনড় অবস্থান বেশ সতর্কতার সঙ্গেই পর্যবেক্ষণ করছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। এমনকি ফাইনাল আয়োজনের স্বত্ব না পেলে পুরো বিশ্বকাপ আয়োজন থেকেই সরে দাঁড়ানোর প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে স্পেন। দুই দেশের ঐতিহাসিক রাজনৈতিক দ্বৈরথ ও সীমান্ত ইস্যুও এই ক্রীড়া কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মরক্কোর প্রতি বিশেষ দুর্বলতার বিষয়টি উল্লেখ করে স্পেনের ফাইনাল পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
মূলত মরক্কোর ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি ইনফান্তিনোর অন্যতম শক্তিশালী সমর্থক। বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশের পর থেকেই মরক্কোর রাজধানী রাবাতে ফিফার নতুন আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় কাটাচ্ছেন ইনফান্তিনো। আগামী মার্চে মরক্কোতেই অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস, যেখানে পুনর্নির্বাচনে তার জয়ের সম্ভাবনাই প্রবল। বিপরীতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দীর্ঘদিন ধরেই ইনফান্তিনোর নানা নীতির বিরুদ্ধে সরব অবস্থান নিয়ে আসছে।
তবে ফাইনাল ভেন্যু নিয়ে স্পেনের দুই ক্লাবের মধ্যে কোনো বিভক্তি নেই বলে দাবি করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মহাসচিব আলভারো দে মিগেল। তার মতে, মরক্কোর একটি স্টেডিয়ামের বিপরীতে স্পেনের দুটি বিশ্বমানের বিকল্প থাকা বরং তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। এ ছাড়া রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইনফান্তিনোর সুসম্পর্ক স্পেনের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। মিগেলের বিশ্বাস, ফিফার শাসনব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের মাঝে সংস্থাটি যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে স্পেনকেই বেছে নেবে।
অন্যদিকে স্পেনের অভ্যন্তরীণ লড়াইয়ে বার্সেলোনার ক্যাম্প ন্যুর চেয়ে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এগিয়ে থাকবে বলে মনে করছেন স্প্যানিশ কর্মকর্তারা। তাদের যুক্তি, বড় ও সংবেদনশীল ম্যাচ আয়োজনে মাদ্রিদের অভিজ্ঞতা বেশি। উদাহরণ হিসেবে তারা ২০১৮ সালে আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের মধ্যকার কোপা লিবার্তাদোরেস ফাইনাল মাদ্রিদে সফলভাবে আয়োজনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। শেষ পর্যন্ত স্পেনের ঘরোয়া দ্বন্দ্ব নাকি মরক্কোর প্রতি ইনফান্তিনোর সখ্য—কোনটি ২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভাগ্য নির্ধারণ করে, সেটিই এখন দেখার বিষয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...