Logo Logo

গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন

সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ


Splash Image

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা। জব্দ করা হিসাবের তালিকায় রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক জনপ্রতিনিধি ও ব্যবসায়ী। সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


এনবিআরের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচটি উপজেলার এসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের আওতায় আনা হয়েছে। উপজেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন, কোটালীপাড়ার ৩২ জন, মুকসুদপুরের ১৪ জন এবং কাশিয়ানীর ১৯ জন করদাতা রয়েছেন।

এনবিআরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে ব্যাংক হিসাব জব্দ করে তাদের অর্থ লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেনও পর্যালোচনা করা হবে। গত কয়েক দিনে এসব হিসাব জব্দ করা হয়েছে।

তালিকায় রয়েছেন যারা

ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সেরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহার। এ ছাড়া রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রাবিউল আলম সিকদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখসহ অনেকে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন পর্যালোচনার মাধ্যমে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় অর্থের উৎস ও সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে এনবিআরের আয়কর গোয়েন্দা সংস্থা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...