বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে শহরের ব্যস্ততম ডা. জিকরুল হক রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে ডা. জিকরুল হক রোডের ঢাকা ব্যাংকের পাশঘেঁষা একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঢাকা ব্যাংক ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভবনের নিচে থাকা ঢাকা ব্যাংক এবং পাঁচ তলায় অবস্থিত ডিএমসিবি ব্যাংকের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোকছেদুর রহমান জানান, দুপুরের দিকে হঠাৎ ধোঁয়া দেখে কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে। আরেক ব্যবসায়ী জসিম উদ্দিন অভিযোগ করেন, ভবন ও শহর এলাকায় পর্যাপ্ত আগুন নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক আনোয়ারুল হক জানান, তুলার গোডাউন থেকে আগুন দ্রুত পাশের বাণিজ্যিক ভবনে ছড়িয়ে পড়েছিল। ভবনে নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত সাপেক্ষে তা জানা যাবে। অগ্নিকাণ্ডের সময় ভবনে আটকে পড়া কয়েকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...