বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারি কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কার্যালয়ের হিসাবরক্ষক জোবায়দুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান নারীর অধিকার ও অর্জনে পরিবারের নারী সদস্যদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি নিজের জীবনের উদাহরণ টেনে জানান, ১৯৯১ সালে বিয়ের সময় ধার্যকৃত ৩০ হাজার টাকা দেনমোহর তিনি সম্প্রতি ৩ লাখ টাকা হিসেবে স্ত্রীর নিকট পরিশোধ করেছেন। পাওনা পরিশোধ করাকে তিনি নারীর অধিকার ও নিজের নৈতিক কর্তব্য বলে উল্লেখ করেন। এছাড়া তিনি তার মেয়ের বিয়ের সময়ও জামাতার কাছ থেকে দেনমোহর আদায় নিশ্চিত করেছেন বলে জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় এবং সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম বক্তব্য প্রদান করেন। সভা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার চারজন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে সচেতন নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমোক্রেসিওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আকতারুল আলম।
মানববন্ধনে জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার অনুকূল বর্ম্মন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচ-এর মুজিবার রহমান এবং জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম বক্তব্য রাখেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...