Logo Logo

সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে দুর্ধর্ষ চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট


Splash Image

সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া চুরির সময়ের ছবি।

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা এবং দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।


বিজ্ঞাপন


সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রতিমার গায়ের অলংকার ও দানবাক্স লুট করে।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, আট আনা ওজনের ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেইন, দশ আনা ওজনের একটি নথসহ আরও বিভিন্ন মূল্যবান স্বর্ণ ও রুপার অলংকার। এছাড়া দানবাক্স থেকে নগদ সাত হাজার টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। এভাবে একের পর এক ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা জানিয়েছেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনার কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য ইতোমধ্যে পুলিশকে প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...