Logo Logo

তেঁতুলিয়ায় ইউএনওকে জড়িয়ে চেয়ারম্যান আশরাফুলের বিভ্রান্তিকর মন্তব্য


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিজের পদ রক্ষা ও বহিষ্কারাদেশ ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


অভিযুক্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ইউএনওর মৌখিক নিষেধাজ্ঞা অমান্য করে মাইকিংয়ের মাধ্যমে লোক জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে তেঁতুলিয়া উপজেলার অন্য ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) অভিযুক্ত চেয়ারম্যান সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও অন্য চেয়ারম্যানরা তার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন যে, কমিশন ছাড়া কোনো বিল পাশ হয় না। তবে অন্য ইউপি চেয়ারম্যানরা এই বক্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

তারা জানান, বর্তমান ইউএনও আফরোজ শাহীন খসরু কাজের গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো বিল অনুমোদন করেন না এবং আর্থিক লেনদেনের কোনো সুযোগ সেখানে নেই।

অভিযুক্ত আশরাফুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সেচ্ছাচারিতা, নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, যখনই তার বিরুদ্ধে কোনো অনিয়মের তদন্ত শুরু হয়, তখনই তিনি তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং জনসহানুভূতি পেতে প্রশাসনের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন।

এ বিষয়ে ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন ও বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, আশরাফুল ইসলামের এমন আচরণে পুরো তেঁতুলিয়ার সম্মানহানি হয়েছে। কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু তিনি মিথ্যা অভিযোগ তুলে প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আশরাফুল ইসলাম দাবি করেন, ইউএনওর নির্দেশেই টাকা কালেকশন করা হয়। তবে ১৫ শতাংশ টাকা ঘুষ দেওয়ার দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, ফেসবুক লাইভে প্রচারিত ভিডিও বা বক্তব্যের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও জানান, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ৪টি ফৌজদারি মামলাসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় আইন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...