Logo Logo

হাতিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেফতার


Splash Image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মিলন (৪০) এবং তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজুকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মিলন হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে নিহতের সাথে মিলনের বিয়ে হয় এবং তাদের সংসারে দুই ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তবে দ্বিতীয় বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

অভিযোগ রয়েছে, মিলন দীর্ঘদিন ধরে তার প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত ১২ মার্চ ভোরে পারিবারিক বিরোধের জেরে মিলন তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেন। এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর যৌথ দল রোববার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...